Header Ads

Header ADS

আমি বিশ্বাস রাখি ।। আফসার নিজাম ।। যাত্রাবিরতি


 
আমি বিশ্বাস রাখি
আফসার নিজাম

তারপরেও আমি বিশ্বাস রাখি 
আমাদের শস্যক্ষেত একদিন মুক্ত হবে
রক্তের বদলে চাষ হবে উর্বর চিন্তার
কথায় কথায় গুম হবে না রিপন বিশ্বাস
বিদেশে উড়াল দেবে না আমাদের টাকার পাখি
কেউ দেশপ্রেমিক সেজে ঘুমোবে না বিদেশের মাটিতে।
আমিতো বিশ্বাস রাখি 
আমাদের বৃক্ষেরা বন ছেড়ে সৌখিন আসবাব হবে না
হরিণের চামড়ায় হবে না রাজসিংহাসন
আমাদের সন্তানেরা 
ব্লাক ডায়মন্ডের মতো সম্পদ হয়ে উঠবে
ফরাক্কা বাঁধ ভেঙে গঙ্গা হয়ে যাবে পদ্মা
ভালোবাসার বজরায় ওঠে আসবে গণতন্ত্র।
আমি বিশ্বাস রাখি
আমাদের সোশ্যাল মিডিয়া হয়ে উঠবে কথার পাখি
কেউ কাক পাখির কণ্ঠও চেপে ধরে বলবে না ‘খামোশ’
পল্টন ময়দানে পাঠ হবে উন্নয়নের ফর্দ
নিজাম ভাইয়ের মুক্তি চাই বলে কোনো মিছিল হবে না
শাহবাগ চত্ত্বরে গামছা বিছিয়ে নামাজ পড়বে রমিজ মিয়া
শাপলা চত্ত্বরে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করবে স্যার ডি কস্তা।
আমি বিশ্বাস রাখি
আমার বিশ্বাসের ওপর ভর করে বলতে দিন
বাংলাদেশ একদিন সকলের জন্য বাসযোগ্য হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.