সুন্দর মৃত্যুর জন্য ।। আফসার নিজাম ।। যাত্রাবিরতি
আফসার নিজাম
লাশ নয় চলুন মৃত্যুকে কবর দেই
মৃত্যুকে সুন্দর করে তুলি
প্রিয় সন্তানের মতো মৃত্যু এসে বিনয়ী হয়ে উঠুক
ভালোবাসায়, শ্রদ্ধায় মৃত্যু এসে বসে থাকুক পায়ের কাছে
আপেলের মতো ঝুলে থাকুক মৃত্যু
লাল গোলাপের মতো ফুটে থাকুক মৃত্যু
কবিতার মতো রোমান্টিক হয়ে উঠুক মৃত্যু
মৃত্যু আমাদের বিছানার চাদর হয়ে যাক
মৃত্যু বর্ষার বৃষ্টি হয়ে যাক
মৃত্যু শীতের কোমল ওম হয়ে যাক।
প্রিয় বন্ধু
ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে কি লাভ বলুন
কি লাভ শত্রু শত্রু খেলা করে
কি লাভ যুদ্ধ করে
কি লাভ হত্যা করে
হত্যা মানেই অসুন্দর মৃত্যু
যুদ্ধ মানেই বিভৎস মৃত্যু
অসুন্দর মৃত্যু থেকে আমরা নাজাত চাই
বীভৎস মৃত্যু থেকে আমরা নাজাত চাই
প্রিয় বন্ধু
আমরা সুন্দর মৃত্যু চাই
কোমল, শান্ত, পেলব মৃত্যুর কোলে ঘুমিয়ে যেতে চাই
যেভাবে অবুঝ শিশু নির্ভয়ে মায়ের কোলে ঘুমিয়ে যায়।

কোন মন্তব্য নেই