পাখিজীবন ।। আফসার নিজাম ।। যাত্রাবিরতি
পাখিজীবন
আফসার নিজাম
সাইকেলের মতো ঘন্টা বাজিয়ে চলে গেছে সে
তার শরীরের পারফিউম এখনো সুবাস ছড়ায়
ঘরের কোণায় কোণায় তার স্পর্শ লেগে আছে
ডালিম গাছের ছায়ার মতো এখনো সে অস্পষ্ট
আমার ছায়ার সাথে ছায়া হয়ে ঘুরে বেড়ায়
স্টেশন ভাসিয়ে বৃষ্টিরা যেভাবে চলে আসে দহলিজে
সেভাবে সে চলে আসে প্রতিদিন ঘুমে, জাগরণে
খোঁপার ফুলের মতো আমাকে গেঁথে রাখে তার চিন্তায়
আমি যতোই নিরাত্মীয় হয়ে উঠতে চাই
ততোই আত্মার আত্মীয় হয়ে ওঠে
স্বাধীনতার গান গাইতে গাইতে আমি বন্দীয় হয়ে যাই।
তবু রৌদ্রের মরীচিকার মতো হারিয়ে যাই
কোনো এক তৃষ্ণায় টক রান্নার ঝোলের মতো
মর্মছেঁড়া হৃদয়ে তাকে অনুভব করতে করতে
তৃপ্তির মোহময়তায় বিমূঢ় হয়ে পাখি হয়ে যাই।

কোন মন্তব্য নেই