দাঁড়িয়ে আছো কেনো ।। আফসার নিজাম ।। যাত্রাবিরতি
কবেই তো বলেছি তোমাকে
তুমি কী ভুলে গেছো রিকশার চলে যাওয়া দৃশ্য
এভাবে নিরব হয়ে দাঁড়িয়ে আছো কেনো
ঢাকার রাস্তায় যতো সময়- জ্যাম থাকে
তার চেয়েও বেশি দীর্ঘ মনে হয়- তোমার দাঁড়িয়ে থাকা
তোমার দাঁড়িয়ে থাকা মানে
উন্নয়নের নামে অচল করে দেয়া নগর
কর্মঘন্টা গিয়ে খাওয়া রাক্ষস
এভাবে দাঁড়িয়ে থেকো না
তুমি দাঁড়িয়ে থাকলে
এ্যাম্বুলেন্সে রোগির শ্বাসকষ্ট বেড়ে যায়
হারিয়ে যাওয়া পিতার অপেক্ষায়
সন্তানের প্রহর দীর্ঘ হয়
ব্যাংকের টাকা উড়াল দেয় বিদেশে
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়
মুদ্রস্ফিতি হয়, ধ্বস নামে পুঁজি বাজারে।
এভাবে নিরব হয়ে দাঁড়িয়ে থেকো না
নামাজে সুরা ফাতিহা পাঠের শেষে আমীন বলার মতো
আওয়াজ করে ওঠো, শ্লোগানে মুখরিত করো হৃদয়
আর এভাবে দাঁড়িয়ে থেকো না
তুমি সচল হলেই-
পায়ে পায়ে পা মিলিয়ে হাঁটতে থাকবে পৃথিবী
লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট।।

কোন মন্তব্য নেই